
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোহাম্মদ বাবুল ওরফে ‘কসাই বাবুলকে’ আটক করেছে পুলিশ।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবুল টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইটংপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই বাবুল পলাতক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক বাবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মামলার সূত্রে জানা যায়, গত ১ মে টেকনাফ পৌরসভা বাস টার্মিনালসংলগ্ন একটি চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে ইসলামকে ছুরিকাঘাত করা হয়। পরে নিহতের পরিবারের এক সদস্য বাদী হয়ে মামলা করেন। মামলায় বাবুলসহ ৭ থেকে ৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিদের আটকেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।